এএসপি আনিসুল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চিকিত্সার নামে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারাদেশে যেসব অবৈধ হাসপাতাল রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন সৈকত, তুহিন রেজা, মোহাম্মদ সোহেল পারভেজ, এস এম সাদাত হোসেন, সাংবাদিক চকর মালিথা, রাশেদ মেহেদী, আলমগীর স্বপন কাজী জাকির হোসেন, জাহিদুর রহমান খান, এস এম নূরুজ্জামান, রেজাউল হক কৌশিক, রাশেদ রেজা ডিকেন, নাবিলা নুহাত চৈতি, গোলাম মুজতবা ধ্রুব প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিত্সার জন্য গেলে হাসপাতাল কর্মীদের নির্মম নির্যাতনে এই পুলিশ কর্মকর্তা নিহত হন।
