বিদ্যুতের শুধু উত্পাদন নয়, চাহিদা ব্যবস্থাপনায়ও জোর দিতে হবে —জ্বালানি উপদেষ্টা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের গতানুগতিক পদ্ধতিতে কাজ করা থেকে বেরিয়ে আসতে হবে। সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করতে হবে। বিদ্যুত্ উত্পাদন ও বিতরণের সিস্টেম এমনভাবে তৈরি করতে হবে যাতে পিক ও অফপিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া বা কমে যাওয়া নিয়ে ভাবতে না হয়। শুধু উত্পাদন নয়, চাহিদা ব্যবস্থাপনা নিয়েও কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার বিদ্যুত্ ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ পাওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেলে আধুনিক ব্যবস্থায় বিদ্যুত্ সরবরাহ করতে পারলে খরচ কমে আসবে। আমাদের মানুষকে সাশ্রয়ী বিদ্যুত্ সরবরাহ করার বিষয়টি ভাবতে হবে। তিনি বলেন, সর্বশেষ যে নির্বাচন হলো সেটা আপনারা দেখেছেন। মানুষের ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে গেছে। মানুষ উপলব্ধি করেছে যে সরকার কাজ করছে। সরকার কাজ করেছে বলেই বিদ্যুত্ মানুষের ঘরে ঘরে গিয়েছে।

এর আগে সভার শুরুতে বিদ্যুত্ সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টাকে বিদ্যুত্ বিভাগ, বিইপিসি, স্রেডা, বৈদ্যুতিক উপদেষ্টার দপ্তর, পিডিবি, আরইবি, পিজিসিবি, এনডব্লিউপিজিসিএল, বিইপিসিএল, সিপিজিসিবিএল, আরপিসিএল, ডেসকো, ডিপিডিসি, ইজিসিবি, পাওয়ারসেল, বিআইএফপিসিএল, এপিসিএল এবং ওজোপাডিকোর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।