সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:০৮

সাতকানিয়ায় এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন (২০)। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর পূর্বকাটগড় বিওসি মোড় এলাকায়। জানা যায়, গত বৃহস্পতিবার এশার নামাজের পর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্বকাটগড় বিওসির মোড় এলাকায় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল তার বন্ধু সাজ্জাদকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা সাজ্জাদকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাজ্জাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বারুদখানা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। রবিউল ইসলাম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ৪ নম্বর ওয়ার্ড পূর্বকাটগড় নয়াপাড়া  এলাকার মৃত ইসলাম মিয়া ড্রাইভারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে মনোমালিন্যের জের ধরে রবিউল বিওসির মোড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে দোহাজারী এলাকা থেকে সাজ্জাদসহ কয়েকজন যুবক রিকসাযোগে বিওসির মোড় এলাকায় আসে। এ সময় রিকসা থেকে নেমে কিছু বুঝে উঠার আগেই রবিউলকে মারধর শুরু করে। এক পর্যায়ে রবিউলের কোমরে থাকা ছুরি দিয়ে সাজ্জাদের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর পর দোহাজারীতে সাজ্জাদের ঘনিষ্ঠরা রবিউলের বাড়িতে এসে টিনের সীমানা প্রাচীর ও ঘরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে।

রবিউলের মা শাহানা আক্তার বলেন, কিছুদিন আগে তারা দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হলে আমার মেয়ের জামাই জাহাঙ্গীর উভয়কে মিলিয়ে দেয়। এর মধ্যে পুনরায় মনোমালিন্য শুরু হলে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, পটিয়া থানা লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেবে।