রংপুর মহানগরীর বেসরকারি মাদকাসক্তি ও সাধারণ ক্লিনিক হাসপাতালগুলোতে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম দিনের অভিযানেই ফুটে ওঠেছে এসব প্রতিষ্ঠানের নানা অনিয়ম। অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিললেও এসব ক্লিনিক মালিকের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।
গতকাল শুক্রবার সকালে নগরীর টেক্সটাইল মোড়ের স্নেহা মাদকাসক্তি মানসিক রোগ নিরাময় কেন্দ্র, একই এলাকার চৌধুরী ক্লিনিং অ্যান্ড নার্সিং হোম, আব্দুস সাত্তার মেমোরিয়াল হসপিটাল ও চেক পোস্ট এলাকার ম্যাক্স কেয়ার হসপিটাল পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা ও জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা।
অভিযানে পরিদর্শন দলটি দেখতে পায় স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ১৯টি বেড থাকলেও সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে ২২ জনকে। চিকিত্সক, নার্স, পরিবেশ ছাড়পত্রসহ নানা অনিয়ম মিলেছে এসব ক্লিনিকে। চরম অব্যবস্থাপনার মধ্যে রাখা হয়েছে মানসিক রোগীদের। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও।
অভিযান শেষে সিভিল সার্জন জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন, জনবল ও অবকাঠামো নিশ্চিত সাপেক্ষে ক্লিনিক পরিচালনা করার জন্য তাদের আদেশ দেওয়া হয়েছে। যদি তারা সেটি না করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোতে অভিযান অব্যাহত থাকবে।
