গতানুগতিক ধারার অর্থনীতি এখন অতীত :ফেড চেয়ারম্যান

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:১১

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেছেন কোভিড-১৯ মহামারি অর্থনীতির গতিকে থমকে দিয়েছে। এখন এই অর্থনীতি পুনরুদ্ধারের দীর্ঘপথ পারি দিতে হবে। আমরা অর্থনীতিকে আগে যেভাবে জানতাম, সেটি এখন সম্ভবত অতীত বিষয়ে পরিণত হয়েছে। অর্থনীতি ঘুড়ে দাঁড়াচ্ছে কিন্তু এক ভিন্ন অর্থনীতির দিকে যাচ্ছি আমরা। বৃহস্পতিবার ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত ভার্চুয়াল সভায় এমন মন্তব্য করেন তিনি। খবর-সিএনএনের

ফেড প্রধান বলেছেন, মহামারি সমাজ ও অর্থনীতির চলমান অনেক বিষয়কেই পরিবর্তন করে দিয়েছে। তবে অনেক কিছুই দ্রুততর করেছে। যেমন প্রযুক্তির ব্যবহার, টেলিওয়ার্ক এবং অটোমেশন। মানুষের জীবনধারা ও কর্মক্ষেত্রে এর দীর্ঘমেয়াদে প্রভাব থাকবে বলে মনে করেন তিনি।

তার মতে প্রযুক্তিগত অগ্রগতি দীর্ঘমেয়াদে সমাজের জন্য ইতিবাচক হলেও স্বল্প মেয়াদে কিছু সমস্যা তৈরি করতে পারে। প্রযুক্তির ব্যবহারকারী বাজারে এগিয়ে থাকেন, কিন্তু অন্যদের জন্য বৈষম্য তৈরি হয়। এর ফলে যে ক্ষতি হয় সেটি সমান নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, স্বল্প বেতনের অনেক শ্রমিক রয়েছে যেমন, খুচরা দোকান বা রেস্তোরাঁর কর্মী, যারা ভোক্তার সঙ্গে সরাসরি সম্পর্ক রেখে কাজ করেন। এখন করোনার প্রভাবে তাদের পরিবর্তে বিকল্প উপায়ে ভোক্তাদের সেবা দেওয়া হচ্ছে। মহামারির প্রভাবে হটাত্ এই পরিবর্তনের ফলে এরকম শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা।

ফেড প্রধান মনে করেন করোনা পরবর্তী অর্থনীতিতে উত্পাদনশীলতা নিয়ে শঙ্কা রয়েছে। বর্তমান সংকটে শিশুদের যত্নের প্রয়োজনে বা পরিবারের প্রতি আরে যত্নশীল হওয়ার জন্য অনেক নারীরা বাধ্য হয়ে কাজ ছেড়ে দিবে। তাছাড়া শিশুরাও মহামারির কারণে পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তার মতে যদি বেকারত্বের হার কমেও যায়, এবং প্রয়োজনীয় ভ্যাক্সিন পাওয়া যায় এর পরেও শ্রমিকদের সহায়তার প্রয়োজন হবে। কারণ করোনা পরবর্তী অর্থনীতি হবে ভিন্ন। মৌলিক অনেক বিষয়ে আসবে পরবর্তন।