পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প বাংলাদেশের গর্বের একটি প্রকল্প। এই নিউক্লিয়ার প্রকল্প বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াস আজ দৃশ্যমান হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪৮ সদস্যের একটি দল নিয়ে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প পরিদর্শন শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
বিদ্যুত্ প্রকল্প পরিদর্শন দলে ছিলেন সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও কয়েক জন মহাপরিচালক। তিনি আরো বলেন, এখানে ডিপ্লোম্যাটদের নিয়ে এসে আমার খুব ভালো লাগল। এই প্রকল্প থেকে সস্তায় মাত্র ৪.৫০ টাকা ইউনিটে এবং দীর্ঘমেয়াদে আরো সস্তায় বিদ্যুত্ পাওয়া যাবে। কম দামে বিদ্যুত্ দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরো বাড়িয়ে দিতে সক্ষম হবে। স্বল্প সময়ে প্রকল্পের কাজে অভূতপূর্ব অগ্রগতির জন্য তিনি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরসহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন। তিনি বলেন, এখানে বর্তমানে ১৪ হাজার মানুষ প্রতিদিন কাজ করছে। করোনা পরিস্থিতিতে প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, হূদয়ের ভালোবাসা ও এলাকার মানুষের আন্তরিকতার কারণেই বঙ্গবন্ধুর স্বপ্নের রূপপুর প্রকল্প আজ দৃশ্যমান। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দার, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
