সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুসহ ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন নগরীর কালীবাড়ী রোড এলাকার বাসিন্দা জামাল উদ্দিন (৬০)।
মামলার অন্য আসামিরা হলেন—কাউনিয়া এলাকার সুলতান শাহজাদার দুই ছেলে অনিক রেজা আকাশ (২৬) ও আশিক (২৮), মনসাবাড়ী গলির কালু হাওলাদারের ছেলে দোলন হাওলাদার (২৫) ও শীতলা খোলা এলাকার শাখাওয়াত হোসেন মোল্লার ছেলে সাজ্জাত বিন শাখাওয়াত (৩০) এবং অজ্ঞাত আরো পাঁচ-ছয় জনকে অভিযুক্ত করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৭ নভেম্বর বাদীর ছেলে ফজলে রাব্বি তানজিমের সঙ্গে বরিশাল কলেজের সামনে রফিকুল ইসলাম টিপুর কথা কাটাকাটি হয়। রাত পৌনে ৯টার দিকে বাদীর বড় ছেলে জাহিদ হাসান রাজিন শ্রীনাথ চ্যাটার্জি লেন ফাহিম খাবার হোটেলের সামনে যান। সেখানে অভিযুক্তদের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গেও রাজিনের কথা কাটাকাটি হয়। এ সময় অভিযুক্তরা রাজিনকে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এদিকে ঐ ঘটনার রাতেই নগরীর কালীবাড়ী রোডের একটি হোটেলে ঢুকে টিপুকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। টিপুকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে টিপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিত্সাধীন।
আহত টিপুর অনুসারীরা জানিয়েছেন, হামলাকারীরা সবাই বরিশালের চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বরিশালের কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে একই স্থানে রফিকুল ইসলাম টিপুর মেজো ভাই সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
