নগরীর কমার্স কলেজ এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আহত যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু (৩৫) মারা গেছেন। গতকাল শুক্রবার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মিন্টু মারা যান। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ জানান, গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
গত বৃহস্পতিবার রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারুফ চৌধুরী মিন্টুর ওপর হামলা চালিয়ে জখম করে অন্য পক্ষের নেতাকর্মীরা। আহত মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন রাতেই নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছিল।
