সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটিয়ে দেরিতে হলেও টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮৭৩ জন পর্যটক নিয়ে স্বপ্নের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাত্রা করেছেন কেয়ারী সিন্দাবাদ ও ফারহান ক্রুজ নামের দুটি বিলাসবহুল জাহাজ।
শনিবার সকালে টেকনাফ দমদমিয়াস্থ জেটিঘাট হতে সেন্টমার্টিনের বাসিন্দা এবং পর্যটকদের নিয়ে মৌসুমের প্রথম জাহাজ চলাচল শুরু করা হয়।
এর আগে বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল ও উপজেলা প্রশাসন জাহাজ ঘাট পরিদর্শন করেন। দুপুর ১২টায় পর্যটকবোঝাই কেয়ারী সিন্দাবাদ ৩৩৭ জন ও ফারহান ক্রুজ ৫৩৬ জন পর্যটক নিয়ে নিরাপদে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছেন। এ সময় দ্বীপের লোকজন পর্যটকদের স্বাগত জানায়।
এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চালু হওয়ায় বেকার হয়ে পড়া এলাকাবাসীর কর্মসংস্থান ফের চালু হওয়ায় দ্বীপবাসী আনন্দিত। আমরা পর্যটকদের নিরাপত্তা এবং সব ধরনের সেবা দিতে প্রস্তুত আছি।
এদিকে দীর্ঘদিন পর প্রবাল দ্বীপে পর্যটকদের পদচারণা এবং স্থানীয়দের উল্লাসে উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
