কারচুপির অভিযোগ গণতন্ত্রের ক্ষতি করছে :ওবামা

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:১৮

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট কারচুপির ভিত্তিহীন অভিযোগে সমর্থন দিয়ে রিপাবলিকান দলের জ্যেষ্ঠ নেতারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ওবামা বলেন, এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় সুস্পষ্ট। ওবামার নতুন স্মৃতিকথা ‘এ প্রমিজড ল্যান্ড’ এর প্রকাশ উপলক্ষ্যে আগামীকাল রবিবার ওই সাক্ষাত্কারটি সম্প্র্রচারিত হবে। খবর:বিবিসির।

গত ৩ নভেম্বরের নির্বাচনে মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী জিতে গেছেন জো বাইডেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ঐতিহ্য অনুসারে পরাজয় মেনে নেননি। বরং তিনি নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে কয়েকটি অঙ্গরাজ্যে মামলা করেছেন। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ক্ষমতায় টিতে থাকতে চাইছেন। এখন পর্যন্ত অল্প কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা এখনো প্রকাশ্যে সমর্থন দেননি। বরং তারা ট্রাম্পের লড়াই বৈধ বলে জানিয়েছেন। এমন অবস্থায় দেশটিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে মুখ খুলেছেন বারাক ওবামা। সাক্ষাত্কারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প হারতে পছন্দ করেন না। এ কারণেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে। আমি আরো মর্মাহত যে, অন্য রিপাবলিকান কর্মকর্তারা ভালোভাবে জেনেবুঝেও ট্রাম্পের পক্ষ নিচ্ছেন। এতে কেবল নতুন নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকেই অবজ্ঞা করা হচ্ছে না; বরং গণতন্ত্রকেও অবহেলা করা হচ্ছে আর এটা খুবই বিপজ্জনক পথ।

ওবামার বইটি দুই খণ্ডে প্রকাশ হবে। প্রথম খণ্ডটি আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।