‘শিশুদের নোবেল’ পেল বাংলাদেশের সাদাত

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০০:০২

 ‘শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের সাদাত রহমান। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনতামূলক অ্যাপ ‘সাইবার টিন’ বানানোয় ১৭ বছয় বয়সি কিশোরকে এ স্বীকৃতি দেওয়া হয়। গতকাল শুক্রবার নেদারল্যান্ডে এক অনুষ্ঠানে মানবাধিকারকর্মী ও নোবেল জয়ী মালালা ইউসুফজাই বিজয়ী সাদাত রহমানের নাম ঘোষণা করেন। ভার্চুয়ালি এ পুরস্কার তুলে দেন মালালা। কিডস রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

মেক্সিকোর ইভান্না ওরতেজা সেরেট ও আয়ারল্যান্ডের সিয়েনা ক্যাস্টেলনকে পেছনে ফেলে এ পুরস্কার অর্জন করলেন সাদাত। সাদাত নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সাদাত সম্পর্কে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে, সাদাত একজন ‘তরুণ চেঞ্জমেকার’ ও ‘সমাজসংস্কারক’। সাইবার বুলিংয়ের শিকার হয়ে ১৫ বছর বয়সি এক কিশোরীর আত্মহত্যার পর কাজে নামে সাদাত। সে তার বন্ধুদের সহায়তায় ‘নড়াইল ভলান্টিয়ারস’ নামের একটি সামাজিক সংগঠন শুরু করে।

২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে ‘কিডস-রাইটস’ নামের একটি সংগঠন। শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হয়। ১২ থেকে ১৮ বছর বয়সিরা ঐ পুরস্কার পাওয়ার যোগ্য।