প্রায় এক দশকের প্রচেষ্টার পর এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্যে বড় ধরনের মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে চলেছে। বিবিসির এক খবরে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর ১০ সদস্য রাষ্ট্র এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা আজ শনিবার এই চুক্তিতে সই করবেন।
এই দেশগুলোতে বিশ্বের এক-তৃতীয়াংশ জনসংখ্যার বসবাস। এছাড়া বৈশ্বিক জিডিপির ২৯ শতাংশ এসব দেশে। নতুন এই উন্মুক্ত বাণিজ্যিক এলাকা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বড় হবে। এই চুক্তিতে ভারতেরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গত বছর দেশটি নিজেদের প্রত্যাহার করে নেয়। খবরে বলা হয়েছে, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) অনলাইনে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে সই হতে পারে। এই চুক্তির আওতায় আগামী ২০ বছরের মধ্যে বড় ধরনের আমদানি শুল্ক বাতিল হবে বলে আশা করা হচ্ছে। এসব দেশের অধিকাংশ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টস (এফটিএ) এর সদস্য। কিন্তু এরপরও দেশগুলোর মধ্যে বাণিজ্যে সীমাবদ্ধতা রয়েছে।
