গাইবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে মা ও ছেলেসহ এক পরিবারের তিন জন নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০০:০৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা ও ছেলেসহ একই পরিবারের তিন জন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ঐ গ্রামের মো. সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৮), তার ছেলে আজাউল হক (৩৬) ও তার নাতি সুজন মিয়া (১৩)।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান রাজু জানান, শুক্রবার সন্ধ্যায় রেখা বেগম বাড়ির পাশে খেত থেকে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিড়ে পড়ে থাকা পিডিবির বিদ্যুত্ সরবরাহের লাইনের একটি তার রেখা বেগমের পায়ে জড়িয়ে যায়। তখন তিনি চিত্কার করেন। তা শুনে নাতি সুজন মিয়া দাদিকে বাঁচানোর চেষ্টা করে। এতে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। খবর পেয়ে রেখা বেগমের ছেলে আজাউল হক মাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন।

তিনি আরো জানান, রেখা বেগম ও তার ছেলে আজাউল হক ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর আহত সুজন মিয়াকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।