রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় কিশোরদের দুই গ্রুপের মারামারিতে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম অপু (১৮)। এ ঘটনায় সিহাব (১৭) ও শামীম (১৬) নামে আরো দুই জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঝাউচড় সেভেনের খেলার মাঠে এই ঘটনা ঘটে।
অপুর মামা হাবিবুর রহমান জানান, তাদের বাসা কামরাঙ্গীরচর জাউলাহাটি চৌরাস্তায়। অপু নিউমার্কেটে একটি কসমেটিকসের দোকানের কর্মচারী। মা পারুল বেগম ও দুই বোনের সঙ্গে সে থাকতো। অনেক দিন আগে অপুর বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে অপু ছিল দ্বিতীয়। মারামারির ঘটনা শুনে তারা ঐ মাঠে যান। সেখানে অপুকে রক্তাক্ত অবস্থায় পায়। কারা কেন অপুকে হত্যা করেছে তা তিনি কিছুই বলতে পারেননি।
তবে মৃত অপুর বন্ধু শাহাদত হোসেন জানিয়েছেন, তাদের বাসা ঝাউলাহাটি এলাকায়। সকালে তাদের এলাকার ছোট ভাই শামীমকে ঝাউচর এলাকার কয়েক কিশোর মারধর করে। সন্ধ্যায় এ ঘটনার মীমাংসা করতে ঝাউচর সেভেনের খেলার মাঠে যাই। সেখানে ঐ এলাকার সাঞ্জু, ইব্রাহীমসহ ১০/১২ জন লাঠিসোঁঠা নিয়ে তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে একটা কাঠ দিয়ে অপুর মাথায় আঘাত করলে সে মটিতে পড়ে যায়। এ সময় শামীম ও সিহাব নামে তাদের পরিচিত দুই জনকে ছুরিকাঘাত করা হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয়। স্থানীয় হাসপাতালে তারা চিকিত্সা নিয়েছে।
