উপনির্বাচনের ফল বাতিলের দাবিতে আজ ও কাল বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০০:০৫

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফলাফল বাতিল এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার রাজধানীর জাতীয় প্র্রেসক্লাবের সামনে এবং আগামীকাল সারা দেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার বিকালে দলের চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনের নরমাল যে পদ্ধতি এর কোনো কিছুর সুযোগ পর্যন্ত নির্বাচন কমিশন বলুন আর যারা দেশ চালাচ্ছে তারা কেউই রাখেনি। সবচেয়ে বড় কথা পুলিশ এসব অপকর্মে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ নানা মিথ্যাচার করবে এই নির্বাচনকে জাস্টিফাই করার জন্য। কিন্তু কোনোভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।