সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘অপরিণত’ বলে উল্লেখ করেছেন। তিনি তার স্মৃতিকথা ‘অ্যা প্রমিজড ল্যান্ড’ বইয়ে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কথাও উল্লেখ করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা ও ডয়চেভেলের।
রাহুল সম্পর্কে ওবামার উপলব্ধি, রাহুল এমন একজন অনাগ্রহী অপটু ছাত্র যিনি সমস্ত ক্লাসওয়ার্ক করে শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা করেন। কিন্তু হয় আত্মবিশ্বাসের অভাব, নয়তো দক্ষতা অর্জনের মতো প্যাশন নেই। সোনিয়া গান্ধী সম্পর্কে বলেছেন, ‘চার্লি ক্রিস্ট বা আর ইমানুয়েলের উদাহরণ দিয়ে ছেলেরা কতটা হ্যান্ডসাম তা আমাদের বোঝানো হয়। মেয়েদের সৌন্দর্য নিয়ে সেরকম বলা হয় না। তবে সোনিয়া গান্ধীর মতো দুই-একজন ব্যতিক্রম আছেন। আর মনমোহনের প্রশংসা করেছেন তার সততা ও ন্যায়পরায়ণতা নিয়ে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে ওবামা বলেছেন, বাইডেন ভদ্র ও সত্ মানুষ। তবে উনি যদি মনে করেন যে তার প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয়নি, তাহলে তিনি বিরক্তও হতে পারেন। বয়সে ওবামা ছিলেন বাইডেনের চেয়ে ছোট। সেটা নিয়ে রসিকতা করে তিনি লিখেছেন, বয়সে ছোট বসের সঙ্গে কাজ করতে গেলে এমনটা হতেই পারে।
