কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিন জন সদস্য এবং আরো অন্তত তিন জন বেসামরিক নাগরিক মারা গেছেন। খবর বিবিসির।
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে, ১৫ বছর বয়সি এক কিশোরসহ চার জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সঙ্গে গোলাগুলিতে ভারতের তিন জন সেনা মারা গিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। ঐ পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলা করার অভিযোগ তোলা হয়। পাকিস্তানের হামলার জবাবে ভারতের সেনাদের প্রতিশোধমূলক হামলার ভিডিও দেওয়া হয় ঐ পোস্টের সঙ্গে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অব কন্ট্রোলের রাখচিকরি ও খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তোলা হয়। জবাবে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে ভারতের সেনাঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করা হয় ঐ পোস্টে।
