মিয়ানামরের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। সু চি ঐক্যের সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সেনা সমর্থিত বিরোধী দল পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবি করেছে। খবর বিবিসির
এনএলডি’র মুখপাত্র মনিয়া অং শিন জানান, তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সরকার গঠনের জন্য ৩২২ আসন দরকার হলেও এনএলডি ৩৪৬ টি আসন পেয়েছে। তারপরও তারা ঐক্যের সরকার গঠন করবেন। দলটি ঘোষণা দিয়েছে, তারা নৃতাত্ত্বিক দলগুলোকে সরকারে আমন্ত্রণ জানাবে। তাদের সঙ্গে মিলে কাজ করা হবে। ২০১৫ সালের নির্বাচনের পর এমন প্রস্তাব দেওয়া হয়নি। ইতোমধ্যে ভারত, জাপান এবং সিঙ্গাপুর নির্বাচনে জয়ের জন্য অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে অং সান সু চি সারা বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত বিরোধী দল ইউনিয়ন সোলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনের ফল মানতে অস্বীকৃতি জানিয়ে পুন:ভোট দাবি করেছে। সেনাবাহিনী অভিযোগ করেছে, ভোটার তালিকায় অসঙ্গতি ছিল এবং আইনেরও লংঘন ঘটেছে। আবার ৪১৬ আসনের ৬৪টি আসনে এখনো ফল ঘোষণা বাকি। নির্বাচনের আংশিক ফলে ইউএসডিপি পেয়েছে ২৪ আসন। মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চ কক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। বাকি আসনগুলোতে গত রবিবার ভোট হয়েছে।
