সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধন হলো নীলফামারীর সৈয়দপুরে। সৈয়দপুর রেলওয়ে জেলা ও উপজেলা স্কাউট আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি মঙ্গলবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বর ঝাড়ু দিয়ে কর্মসূচির সূচনা করেন। সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত স্কাউট সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ক্লিন সিটি ক্লিন বাংলাদেশ কর্মসূচি সৈয়দপুর থেকে শুরু হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশ সুন্দর হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিণ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।
