আলোর ফেরিওয়ালা এখন মনোহরগঞ্জে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:১৪

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জে ত্বরিত বিদ্যুত্ সংযোগ দিতে আলোর ফেরিওয়ালা এখন মানুষের দ্বারপ্রান্তে। উপজেলাবাসীর কাছে দ্রুত বিদ্যুত্ সেবা পৌঁছে দিতে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে মিটার সংযোগের জন্য রাস্তায় নেমেছে আলোর ফেরিওয়ালা। উপজেলাধীন বিদ্যুত্ অফিসে না গিয়ে মিটার সংযোগসহ সকল সুবিধা পাওয়া যাবে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালা থেকে। গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকলেই তাত্ক্ষণিকভাবে মিলবে এই সেবা। রবিবার উপজেলার বিদ্যুত্ অফিস থেকে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালার যাত্রা শুরু হয়। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে তাদের সেবা কার্যক্রম লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ সাখাওয়াত হোসেন জানান, হয়রানিমুক্ত ও দ্রুত বিদ্যুত্ সংযোগ সেবা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে নিয়মিত এ সেবা কার্যক্রম চলবে। বিদ্যুত্ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন।

মিঠাপুকুরে আলোর ফেরিওয়ালার যাত্রা শুরু

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুকুরে আলোর ফেরিওয়ালা করে ঘরে ঘরে বিদ্যুত্ সংযোগ দিচ্ছে রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর লোকজন। রবিবার তারা উপজেলার ১২০টি ঘরে মিটার লাগিয়ে তাত্ক্ষণিকভাবে সংযোগ দিয়েছেন। এ উপলক্ষে বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। সভাপতিত্ব করেন বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী। শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, পল্লী বিদ্যুত্ সমিতির চেয়ারম্যান নুরুল ইসলাম প্রামাণিক প্রমুখ। নূরুর রহমান জানান, মিঠাপুকুর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে আলোর ফেরিওয়ালা সেজে বিদ্যুত্ বিভাগের তিনটি টিম ভ্যানে মাইক লাগিয়ে প্রচার চালানো হচ্ছে। যাদের ঘরে বিদ্যুত্ নেই তাদের চাহিবামাত্র ৪৫০ টাকার বিনিময়ে ৫ মিনিটেই দেওয়া হচ্ছে বিদ্যুত্ সংযোগ।