‘আমাকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, তবুও থামতে চাই না’

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৯:১৭

 

বরাবরই স্ট্রাগল করা অভিনেত্রী বিপাশা কবির। লাক্স সুন্দরী প্রতিযোগিতা থেকে এই অঙ্গনে কাজ শুরু করলেও শেষ অবধি চলচ্চিত্রের পাঠ শুরু করতে হয় আইটেম গান দিয়ে। তা নিয়েও আছে তিক্ত অভিজ্ঞতা। সাম্প্রতিক কাজ ও চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে—

 

 

চলচ্চিত্রে আইটেম গান নিয়ে আসাটাই কী জীবনের সবচেয়ে বড় ভুল ছিল?

এটাকে ভুল বলবো না নিয়তি বলবো জানি না আমি। আমি জাজ মাল্টিমিডিয়ার আর্টিস্ট ছিলাম। সেখান থেকে আমার জন্মদিনে প্রযোজক আমাকে একটি ছবি উপহার দিলেন। সেই স্বপ্নটা পূরণ হলো না। সেটিই ছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কা।

 

কেন? কী এমন ঘটেছিল?

এটা বলেছি বেশ কিছু জায়গায়। আসলে সবাই তো ফিল্ম পলিটিক্সের কথা বলে। কিন্তু আমি এই নোংরা ঝড়ের মধ্য দিয়ে জীবন পার করলাম এবং ক্ষতিগ্রস্ত হলাম। প্রযোজক আমাকে নিয়ে ছবি তৈরির ঘোষণা দিলেও শেষ অবধি তা আর হলো না, কারণ আশেপাশের মানুষজন বাঁধ সাধল। আমার বিপরীতে হিরো ছিল বাপ্পী। সে প্রথমে হ্যাঁ বলেও পরে রাজি হলো না আমার সঙ্গে ছবি করতে। এই যে ধাক্কাটা খেলাম, সেই যে অপমানিত হলাম, সেখান থেকে উঠে আসাটা খুব কঠিন হয়ে গেল আমার জন্য। এর বাইরে ততদিনে আইটেম গানে আমার ডিমান্ড বেড়ে গেল। নিয়মিত কাজ করতে লাগলাম। নায়িকা হওয়ার পথটা আরো থমকে গেল!

 

কিন্তু এই সময় অনেক নির্মাতা-প্রযোজকরা বিভিন্ন ইন্টারভিউতে বলে যে, দেশে নাকি নায়ক-নায়িকা সংকট চলছে। অথচ আপনাদের মতো অনেকের মনেই তো ছবি করার জন্য ভীষণ আকুতি দেখি!

কী আর বলবো! তারা অন্ধ বা হিপোক্রেট ছাড়া তো কিছু না। তারা কোনো গবেষণা করতে চায় না। দেখা গেল হুট করে কোনো এক বিশেষ সুবিধার জন্য এমন একজনকে ধরে নিয়ে ছবি বানাতে শুরু করে সেটা না হয় ছবি, না হয় ওই মেয়ের কোনো ক্যারিয়ার। মাঝখান দিয়ে কিছু অনৈতিক কাজ চলে কিংবা প্রডিউসারের টাকা গচ্চা যায়।

 

নিশ্চয় এখনো নিয়মিতই একাধিক আইটেম গানের অফার ফিরিয়ে দিতে হয় আপনার? তাহলে এ সময়ে নতুনভাবে কী কাজ করছেন?

প্রায় প্রতি সপ্তাহেই অফার পাই। পারিশ্রমিকও দিতে চায় মোটা অঙ্কের। কিন্তু না বলি। নিজের এই অবস্থানে আসতে আমাকে আমার পরিবারের কাছ থেকেও অনেক কথা শুনতে হয়েছে। তাই আমার এই যুদ্ধে এখন আর জয়-পরাজয়ের কথা ভাবি না। আমি শুধু নিজের পরিকল্পনা মতো চলতে চাই। আমি অদৃষ্টে বিশ্বাস করি। যে আমার ক্ষতি করেছে। সেই চক্রান্তকারীদের শাস্তি উপারওয়ালাই দেবেন। আমাকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, তবুও থামতে চাই না।