বিনোদন রিপোর্ট
অভিনেতা আজিজুল হাকিমের অবস্থা ক্রমশ উন্নতির দিকে। তার শরীরে অক্সিজেন গ্রহণের সক্ষমতা বেড়েছে। গতকাল দুপুর নাগাদ এমনটাই জানা গেছে। বিষয়টি জেনে ফেসবুকে অনেকেই স্বস্তির কথা লিখেছেন। সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আনজাম মাসুদ, তানভীন সুইটি, চয়নিকা চৌধুরীসহ অনেকেই। আজিজুল হাকিমের এই শারীরিক উন্নতির খবর জেনে নিজেদের ফেসবুকে লিখেছেন। এদিকে কর্তব্যরত চিকিত্সকরা গতকাল জানিয়েছেন, এদিন বিকেল নাগাদ আজিজুল হাকিমের সেন্স ফেরার প্রত্যাশা করছেন তারা। ফুসফুসে পানি জমেছে তার। সেটার চিকিত্সাও চলছে। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম কর্তব্যরত চিকিত্সক মহিউদ্দিনের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আজিজুল হাকিমের ফুসফুসে পানি জমেছে, প্রেশার লো এবং হালকা শ্বাসকষ্ট আছে। এসব জটিলতাগুলো দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।
এদিকে গতকাল দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক লুত্ফর কবির সেতু বলেন, ‘ওনাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর যেমন ছিলেন এখনো তেমনই আছেন। অবনতিও হয়নি, উন্নতিও নেই। এটাকে ক্রিটিক্যাল বলা যায়।’ তাই সহকর্মীদের নানা আশার কথা শুনেও অনেকে বিভ্রান্ত হচ্ছেন। এ বিষয়ে তাই সিনিয়র তারকারা অনেকেই ফেসবুকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বলেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অবধি নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন দেশের প্রখ্যাত এই অভিনেতা। কন্যা নাজাহ হাকিম তার বাবার সুস্থতার জন্য সবার কাছো দোয়া চেয়েছেন।
