‘আমার টেনশন ছিল ফিটনেস নিয়ে’

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:১১

সোহেল সারোয়ার চঞ্চল

নেপালকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। করোনার মধ্যে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের এমন ফেরা অনেকটাই অপ্রত্যাশিত হলেও বাফুফের সভাপতি বললেন, এটা প্রত্যাশিত। তিনি বলেন, ‘শুক্রবার নেপালের বিপক্ষে বাংলাদেশের (২-০) জয় এটা প্রত্যাশিত। রেজাল্ট এবং খেলোয়াড়দের পারফরম্যান্স দুটোই প্রত্যাশিত ছিল।’ আগের দিন ম্যাচ জেতার পর গতকাল খেলোয়াড়রা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেলনি। তারা মনযোগী মাঠের অনুশীলনে। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে মগ্ন ছিলেন তপু, সুফিল, জামাল, গোলকিপার জিকো, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবনরা। সংবাদমাধ্যমের ভিড় ছিল বাফুফে ভবনে। সভাপতি কাজী সালাহউদ্দিনেক ঘিরে ধরেছিল সংবাদমাধ্যম।

করোনার মধ্যে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করারটা দুঃসাহসের ব্যাপার ছিল। গত শুক্রবার বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচটি ছিল এশিয়ার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ৩ অক্টোবর নির্বাচনের পর এই সময় প্রস্তুতি ছাড়াই আন্তর্জাতিক ফুটবল ম্যাচে লড়াই করাটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল সালাহউদ্দিনের জন্য। হেরে গেলে সালাহউদ্দিনবিরোধীরা কটু কথা বলতেন। সেদিকে কান না দিয়ে  সালাহউদ্দিন বারবার বলে আসছিলেন হেরে যাব বলে হাত-পা গুটিয়ে বসে থাকলে তো খেলা হবে না। আমরা খেলতে চাই। হারলে হারব। বাফুফে সভাপতির এমন কথা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন খেলোয়াড়রা। প্রথম চ্যালেঞ্জে জিতেছেন সালাহউদ্দিন। সালাহউদ্দিন বললেন, ‘আমার টেনশন ছিল ফিটনেস নিয়ে। বুঝলাম সেটার প্রভাব পড়েনি।’

নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের ১১ মিনিটে জীবনের অসাধারণ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সালাহউদ্দিন বললেন, ম্যাচের প্রথমার্ধেই আরো একটি গোল পাওয়া উচিতি ছিল। সালাহউদ্দিন ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেছেন। তার সামনেই ছিল গোলপোস্ট। সেই পোস্টে তপুর হেড গোল হয়নি। এটি নিয়েও কাল প্রশ্ন উঠেছিল। সালাহউদ্দিন বললেন, ‘তপুও বলতে পারবে না কেন সে এটা মিস করল।’

নির্বাচনের সময় সালাহউদ্দিন বলেছিলেন, তারা ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশকে ১৫০ নম্বরে নিয়ে যেতে চান। নেপালের বিপক্ষে ভালো পারফরম্যান্স বাংলাদেশকে সেই পথে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, বললেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘এভাবে ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে চাই।’ এগিয়ে যেতে চাইলে অর্থের দরকার। কিন্তু বাফুফের হাতে সেটি নেই। সালাহউদ্দিনও বললেন অর্থ সংকট একটা বড় সংকট।’

আগামী ৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ ও কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচ নিয়ে প্রশ্ন উঠলে সালাহউদ্দিন বললেন, ‘এসব নিয়ে ভাবছি না। কাতার অনেক দূর। সামনে বাংলাদেশ নেপাল দ্বিতীয় ম্যাচ রয়েছে। সেটাই এখন খেলোয়াড়দের মনের ভেতরে।