‘যুদ্ধের’ প্রস্তুতি ব্রাজিল-উরুগুয়ের

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:১২

স্পোর্টস ডেস্ক

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের দ্বৈরথটা ফুটবলে নতুন কিছু নয় আদৌ। বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচটিকে সামনে রেখে সে ‘যুদ্ধের’ কথাটাই মনে করিয়ে দিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার মারকিনিয়োস। সে যুদ্ধের প্রস্তুতিটা ব্রাজিল সেরেছে ভেনেজুয়েলাকে ন্যূনতম ব্যবধানে হারিয়ে। উরুগুয়েও পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের এক জয়।

নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের জয় পেতে বেশ কাঠখড়ই পোড়াতে হয়েছে। নেইমার-কোটিনহোহীন দলকে জয়টা পাইয়ে দিয়েছেন রবার্তো ফিরমিনো।

অন্যদিকে উরুগুয়ে দাপুটে এক জয়ই পেয়েছে কলম্বিয়ার মাঠে। এদিনসন কাভানি ও লুই সুয়ারেজের সঙ্গে লক্ষ্যভেদ করেছেন দারউইন নুনিয়েজও।

কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে উরুগুয়ে। মন্টেভিডিও স্টেডিয়ামের সে ম্যাচটাকে ব্রাজিল দেখছে যুদ্ধ হিসেবে! মারকিনিয়োসের ভাষ্য, ‘উরুগুয়ে ম্যাচ সবসময়ই এক যুদ্ধ। আর তাই সেখানে যথার্থ প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের, কারণ ম্যাচটা যথেষ্ট কঠিনই হবে।’

প্রতিপক্ষ নিয়ে পিএসজি ডিফেন্ডারের মূল্যায়ন, ‘ঐতিহ্য, মান ও দারুণ রক্ষণ, সব মিলিয়ে তারা বেশ শক্তিশালী এক দল। আগামী কয়েক দিন আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, যেন সেখানে গিয়ে ভালো খেলে পয়েন্ট নিয়ে ফিরে আসা যায়।’

ভেনেজুয়েলা ম্যাচের পুরোটা সময় জুড়েই প্রায় ব্রাজিলকে আটকেই রেখেছে। তবে উরুগুয়ে ম্যাচটা হবে আরো উন্মুক্ত, অভিমত আরেক ডিফেন্ডার অ্যালানের। তিনি বলেন, ‘এটা কঠিন একটা ম্যাচ হবে তা বলতেই হচ্ছে। তারা আজও গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে। তবে আমার মনে হয়, তাদের বিপক্ষে লড়াইটা হবে পুরোপুরি ভিন্ন। তারাও আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে। যার ফলে আমাদের ফরোয়ার্ডদের জন্য সুযোগ সৃষ্টি হবে বেশ।’ এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে এ জয় ব্রাজিলকে তুলে দিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে। তিন ম্যাচেই জয় নিয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। দুইয়ে থাকা আর্জেন্টিনা সমান ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। চতুর্থ অবস্থানে থাকা উরুগুয়ের সংগ্রহ ছয় পয়েন্ট।