টটেনহ্যাম হটস্পার কোচ জোসে মরিনহোকে এক ম্যাচের ‘স্থগিত’ নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। কারণ হিসেবে দেখানো হয়েছে ইউরোপা লিগের ম্যাচ শুরুতে দেরি করাকে। গত ২৯ অক্টোবর বেলজিয়ান দল অ্যান্টওয়ার্পের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে তার জন্যেই স্টেডিয়ামে পৌঁছুতে দেরি হয় টটেনহ্যামের। ১-০ ব্যবধানে হারা সে ম্যাচে দেরিতে খেলায় নামায় টটেনহ্যামকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার ইউরো। উয়েফার নিয়ম না মানায় জরিমানা বেড়েছে আরো ৩ হাজার ইউরো। তবে উয়েফা জানিয়েছে মরিনহোর নিষেধাজ্ঞা এখনই কার্যকর হবে না, স্থগিত থাকবে এক বছরের জন্যে। ইউরোপা লিগে সে ম্যাচটি হারের পরেও অবশ্য ‘জে’ গ্রুপের শীর্ষেই আছে টটেনহ্যাম।
