দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
বিনামূল্যের বইয়ের জন্য দেবিদ্বার পৌর এলাকার ৩১নং বড় আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছয় শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ২শ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের বিরুদ্ধে।
জমির হোসেন ও সুরুজ খানসহ একাধিক অভিভাবক জানান, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের টাকা বলে ২শ টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষক আমির হোসেন। কেউ টাকা দিতে না পারলে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে বই নিয়েছি। রিকশাচালক আলমগীর হোসেন বলেন, আমার মেয়ে বইয়ের ২শ টাকা দিতে না পারায় তাকে স্কুল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। পরে ২শ টাকা ফি দিয়ে মেয়ের বই নেন তিনি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া ও সোনালী আক্তার জানান, বইয়ের জন্য চারদিন স্যারের পিছনে পিছনে ঘুরেছি, তিনি আমাদের বই দেননি। পরে আমার কাকার সহযোগিতায় বই পেয়েছি।
এদিকে টাকা নেওয়ার কথা স্বীকার করে প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বলেন, স্কুল পরিচালনা কমিটির নির্দেশে টাকা নেওয়া হয়েছে। কারও কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়নি। তাছাড়া অভিভাবকরা খুশি হয়ে শিক্ষকদের চা-নাস্তা খাওয়ার টাকা দিয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বলেন, টাকা আদায়ের কোনো নির্দেশ কাউকে দেওয়া হয়নি। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নিচ্ছেন এটা আমরা পরে জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবীন্দ্র চাকমা বলেন, টাকা নেওয়ার সত্যতা পেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
