ঝালকাঠিতে বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণে সভা

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:২০

ঝালকাঠি প্রতিনিধি

জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারকের স্মরণে শনিবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝালকাঠি বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ঘটনাস্থলে ফুল দিয়ে শহিদ বিচারকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহসহ জেলা জজশিপের বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনু প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর সেখানে শহিদ বিচারকদের জন্য দোয়া পরিচালনা করেন জজশিপের বিচারক সিনিয়র সহকারী জজ মো. হুমায়ুন কবির। উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর জ্যেষ্ঠ বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে অফিসে যাওয়ার পথে আরেক বিচারকের জন্য অপেক্ষমাণ গাড়িতে জেএমবির সদস্য মামুন আত্মঘাতী বোমা হামলা চালায়।