শিক্ষাব্যবস্থায় ‘আউট অব বক্স’ চিন্তা করতে হবে ....................... শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:২০

যশোর অফিস

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়াম উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক শ্রমবাজারে ক্রমশ প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। সে কারণে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ কাজগুলোর জন্য গতানুগতিক চিন্তা বা শিক্ষাব্যবস্থায় হবে না। সব জায়গায় আমাদের একটু ‘আউট অব বক্স’ চিন্তা করতে হবে। সেজন্য আমাদের জগতে পরিবর্তন আনার জন্য শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে। আমরা শুধু পড়াশোনা করাচ্ছি, পরীক্ষা দিচ্ছি ও সনদ দিচ্ছি। আমরা শিক্ষাব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের আনন্দেই জ্ঞান অর্জন করবে, বাধ্য হয়ে নয়। শিক্ষাব্যবস্থার ত্রুটি খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।      বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার, ভবন ও নির্মাণকাজ পরিদর্শন করেন।