নেত্রকোনা প্রতিনিধি
র্যাব-১৪ এর একটি দল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের সিধলী বাজারে বিশেষ অভিযান চালিয়ে ২৮৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে ইয়াবাসহ মো. মনিরুজ্জামান সোহাগ নামের মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ এর লে. কমান্ডার এম শোভন খান জানান, কলমাকান্দা উপজেলার পাবই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মনিরুজ্জামান সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিধলী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পাইকগাছায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় সোমবার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক এসএম আজাদ উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের হালিম সরদারের ছেলে।
ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, এসআই অখিল রায়, এএসআই শেখ পলাশ হোসেন ও সিপাহী হেলাল খান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবসা ব্রিজের উপর থেকে ৭ পিস ইয়াবাসহ আজাদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গৌরনদীতে ফেনসিডিল বিক্রেতা গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা পলাশ আলি মল্লিককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর পশ্চিম বার্থী ৭৫ ফুট ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা পলাশের শরীর তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বাদী হয়ে মাদক বিক্রেতা পলাশ আলি মল্লিককে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেন। পুলিশ গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান।
