ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে দেখলে মনে হবে এটি একটি পরিত্যক্ত ভবন! চারদিক আগাছায় পরিপূর্ণ। ঠিক যেন জঙ্গলবাড়ি! একটু বৃষ্টিতেই হাঁটুপানির নিচে চলে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা। জোঁক, সাপ ও মাছের অভয়ারণ্য এই কল্যাণ কেন্দ্রটি। মাঝেমধ্যে সাপ ঢুকে যায় কেন্দ্রকক্ষে। ভয়ে ছুটোছুটি করতে থাকে কেন্দ্রে সেবা নিতে আসা শিশু ও গর্ভবতী নারীরা। সেবাগ্রহীতাদের সারা বছরই হাঁটুপানি ভেঙে কেন্দ্রে ঢুকতে হয়। আশেপাশে কোনো হাসপাতাল না থাকায় এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিই ১৭টি গ্রামের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। পরিশেষে, উল্লিখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া
