কিছুতেই থামছে না ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। পথচারীর অসাবধানতায় ঘটছে এই দুর্ঘটনা। ট্রেনের হুইসেল বাজছে, ছুটে আসছে দ্রুতগামী ট্রেন। লেভেল ক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান নামিয়ে রেখেছেন ক্রসিংবার। এমন সতর্ক অবস্থার পরেও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হওয়ার চেষ্টা করছেন এবং ফলে ট্রেনে কাটা পড়ে জীবন হারাচ্ছেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি—এই বোধটুকু আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। লেভেল ক্রসিং নামানো অবস্থায় এবং ট্রেনের হুইসেল শোনার পর কোনোভাবেই রেলপথ অতিক্রম করা যাবে না। ট্রেন চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। বেপরোয়াভাবে রেলপথে চলাচল যেন আমাদের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য আমাদের আরো ধৈর্যশীল হতে হবে। ছুটে আসা ট্রেন দেখার পর সামান্য সময় বাঁচাতে গিয়ে আমাদের জীবনটাই যেন না দিয়ে দিতে হয়।
নূরে আলম সিদ্দিকী শান্ত
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
তেজগাঁও কলেজ, ঢাকা
