ইউনিলিভার বিজমায়েস্ট্রোস চ্যাম্পিয়ন দ্য ইনক্রেডবলস

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল ইউনিলিভার বিজমায়েস্ট্রোস ২০২০-এর চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ১৪৫টি দলকে হারিয়ে এ দলটি বিজমায়েস্ট্রোস ২০২০ শিরোপা লাভ করেছে। বিজয়ী দলটি লন্ডনে অনুষ্ঠিতব্য পরবর্তী ‘ইউনিলিভার ফিউচার লিডারস লীগ’ (এফএলএল) নামের বৈশ্বিক প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিজয়ী দলের সদস্যরা হলেন সাদিয়া হাসান, মর্জিনা আক্তার প্রত্যাশা, সাজিদ আসবাত খন্দকার। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবসায় প্রশাসন অনুষদের (আইবিএ) শিক্ষার্থী। বিজমায়েস্ট্রোস ২০২০ শিরোপাজয়ী দলটিকে ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের (ইউএফএলপি) আওতায় সরাসরি ইউনিলিভারের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে অংশগ্রহণ  করতে পারবে। এছাড়া তারা ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের একটি প্রকল্পেও কাজ করার সুযোগ পাবেন। 

বিজমায়েস্ট্রোস ২০২০ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মাডব্লাড দল। সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষজ্ঞ বিচারক প্যানেল চূড়ান্ত পর্বের ছয়টি ফাইনালিস্ট দলের মধ্য থেকে সেরা তিন দলকে নির্বাচিত করেন। —প্রেস বিজ্ঞপ্তি