শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাড়ির সাবেক চালকের পারিবারিক কলহের জের ধরে শ্রীপুর পৌর মহিলা যুবলীগের সভাপতি মৌসুমীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা মৌসুমীর সাবেক গাড়ি চালক ও পরিবারের তিন জনকে মারধর করে আহত করেছে বলে জানা গেছে। গতকাল উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৌসুমীর স্বামী জহিরুল হক সবুজ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, মৌসুমীর গাড়ির চালক হিসেবে একই এলাকার মৃত খালেকের পুত্র লিটন মিয়া কাজ করতেন। তিন মাস আগে তিনি সে চাকরি ছেড়ে অন্যত্র কাজ নেন। সম্প্রতি এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ার জের ধরে শ্বশুর বাড়ির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। পরকীয়ায় মদত দেওয়ার ব্যাপারে শ্বশুর বাড়ির লোকজন মৌসুমী দম্পতিকে দোষারোপ করে । তারই সূত্র ধরে তাদের সঙ্গেও বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে গতকাল সকালে লিটনের স্ত্রী আমেনা খাতুন ও তার লোকজন মৌসুমীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ করা হয়েছে, এ সময় হামলাকারীরা আলমারি ভেঙে দেড় লাখ টাকা লুটে নেয়। এ ব্যাপারে অভিযুক্ত আমেনা খাতুন জানান, সবুজ মিয়ার মদতে তার স্বামী লিটন অন্য নারীর সঙ্গে পরকীয়া এবং পরে বিয়ে করেছে। সবুজ মিয়ার কারণেই তার সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস আই ওমর ফারুক জানান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
