ধর্মব্যবসায়ীদের টার্গেট বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৫৫

বিবৃতিতে ইনু-শিরিন

ইত্তেফাক রিপোর্ট

ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মব্যবসায়ীদের ভাস্কর্যবিরোধী অবস্থানের তীব্র নিন্দা জানিয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেছেন, বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান আসলে বাংলাদেশ ও বাঙালির ইতিহাস-ঐতিহ্যের বিরুদ্ধেই। পাকিস্তানপন্থি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী ধর্মভিত্তিক দল ও ধর্মব্যবসায়ীদের আসল টার্গেট জাতির পিতা বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা। গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।

ইনু-শিরিন বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইয়েমেন, পাকিস্তানসহ সব মুসলিম দেশেই তাদের দেশ ও জাতির ইতিহাস-ঐতিহ্য ধারণ করে বহু ভাস্কর্য নির্মিত হয়েছে। ’৭৫-এর পর থেকেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার যে রাজনীতি শুরু হয়েছিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা সেই রাজনীতিরই অংশ। এক চুল ছাড় না দিয়ে পাকিস্তানপন্থি ধর্মব্যবসায়ী, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গিবাদী ভাস্কর্যবিরোধীদের কঠোরভাবে দমন করার জন্য জাসদ নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানান।

বাসে আগুনের প্রতিবাদে মানববন্ধন

বাসে আগুন দিয়ে নাশকতার প্রতিবাদে ঢাকা মহানগর জাসদের উদ্যোগে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। সভায় বক্তারা বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনা ২০১৫ সালের আগুন-সন্ত্রাসের কথা মনে করিয়ে দেশবাসীর মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে। যেভাবে একই সময়ে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে, তাতে প্রমাণিত হয় যে এটা সংঘবদ্ধ শক্তির সুপরিকল্পিত জঘন্য তত্পরতা।