টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ মানিক (২০) নামে এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ফল ব্যবসায়ীদের মধ্যে ভাত রান্না নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঐ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি অন্য ব্যবসায়ীদের।
নিহত মানিক কিশোরগঞ্জ জেলার বায়েজিদপুর উপজেলার জুম্মাপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, মানিক, তার ভাই ও দুলাভাই মিলে মাস দেড়েক আগে টেকনাফ পৌর এলাকায় ফলের ব্যবসা শুরু করেন। দুপুরে খাবারের ভাত রান্না নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাকে গালমন্দ করে রান্না করার জন্য হোটেলে পাঠানো হয়। পরে বিকাল হলেও মানিক ফিরে না আসায় তাকে খুঁজতে যান স্বজনরা। গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিত্সকরা মানিককে মৃত ঘোষণা করেন।
