কমেছে পেঁয়াজ-সবজির দাম
স্টাফ রিপোর্টার, রাজশাহী
গত সপ্তাহে রাজশাহীতে আলুর কেজিপ্রতি দাম ছিল ৩৮ টাকা। শুক্রবার প্রতি কেজি আলুর দাম ১০ টাকা বেড়ে ৪৮ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। এদিকে শীতের আগাম সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। শুক্রবার রাজশাহীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পেঁয়াজের দাম কমে প্রতি কেজি ৬৫ থেকে ৫০ টাকায়, রসুন প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকায়, আদা ৮০ থেকে ৯০ টাকায়, কাঁচা মরিচ ১৪০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা-ধুন্দুল ৩০ থেকে ৪০ টাকা, পটোল ও ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০ টাকায়, করলা ৮০ টাকায়, বেগুন ৫০ টাকায়, পেঁপে ২০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকায়, টম্যাটো ১২০ থেকে ১৪০ টাকায়, শসা ৭০ টাকায়, ফুলকপি ৭০ টাকায় এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে প্রতি কেজি গাজর ১০০ টাকায়, কচুর লতি ৪০ টাকায়, শিম ৭০ থেকে ৮০ টাকায়, বরবটি ৬০ টাকায়, মুলা ৪০ টাকায়, কলা প্রতি হালি ২০ টাকায়, লাউ প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি ধনিয়াপাতা গত সপ্তাহে ২০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার দাম কমে ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
