চট্টগ্রামে কর্মশালায় বক্তারা
চট্টগ্রাম অফিস
উচ্চমাত্রায় ট্রান্স ফ্যাটযুক্ত খাবার হার্ট অ্যাটাকসহ হূদেরাগজনিত মৃত্যুঝুঁকি বাড়ায়। ট্রান্স ফ্যাট কৃত্রিমভাবে তৈরি ক্ষতিকর ফ্যাট, যা বেকারি পণ্য, প্যাকেটজাত ও ভাজাপোড়া খাবারে থাকে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ট্রান্স ফ্যাট প্রজেক্টের কো-অর্ডিনেটর ডা. শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান এসব কথা বলেন। গতকাল শনিবার ক্যাব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, প্রজ্ঞা ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘খাদ্যে ট্রান্স ফ্যাট, হূদেরাগ ঝুঁকি এবং করণীয়’ এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে।
ডা. শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান বলেন, দেশে মৃত্যু ও পঙ্গুত্বের মূল ঝুঁকি সুষম খাদ্যগ্রহণে অসচেতনতা, তামাক গ্রহণ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও অতিরিক্ত ওজন। অসংক্রামক রোগে মৃত্যু কমাতে খাদ্যাভ্যাসে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে উচ্চমাত্রায় লবণযুক্ত ও বেশি ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কমাতে হবে। শাকসবজি, ফল, আঁশযুক্ত, উপকারী চর্বিযুক্ত খাবার গ্রহণ করতে হবে।
ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে উদ্বোধন পর্বে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরী।
