ছাত্র অধিকারের সভায় হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:১২

বরিশাল অফিস

ছাত্র অধিকারের কর্মিসভায় হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ঝালকাঠিতে গত শুক্রবার রাতে কর্মিসভায় হামলার জন্য স্থানীয় ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদকে দায়ী করেন। ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর সংগঠন।

ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীন দেশে গণতান্ত্রিকভাবে আমরা কথা বলতে পারছি না। আমরা জানি ঝালকাঠিতে হামলাকারীদের কোনো বিচার হবে না।

আগামী শুক্রবারের মধ্যে ঝালকাঠিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবে। এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার সদস্য আবু সাঈদ মুসা, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্র অধিকারের কর্মী নাদিউর নাজিম মুন্না, সুজন ইসলাম, আব্দুল্ল­াহ খান প্রমুখ। পরে নগরীতে ভিপি নুরের ছাত্র ও যুব সংগঠন একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশ প্রশাসনের অনুমতি না থাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ মিছিল করতে দেয়নি।