আলামত নষ্টের অভিযোগ মায়ের, বিচার নিয়ে শঙ্কা

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:১৯

রায়হান আহমদ হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্য গ্রেফতার হলেও অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের মা সালমা বেগম। এছাড়া তিনি মামলার আলামত নষ্ট করার অভিযোগ করে বলেছেন, ঘটনার দিন তার ছেলের পরনে টি-শার্ট ও নীল রঙের প্যান্ট ছিল। কিন্তু হাসপাতালে দেখা গেছে তার পরনে লাল রংয়ের শার্ট। প্যান্টও বদলানো হয় যা তার শরীরের চেয়েও অনেক ছোট ছিল। তিনি প্রশ্ন করে বলেন, এটা কারা করেছে? তিনি বলেন, আমার ছেলের মোবাইল ফোন ও মানিব্যাগ এখন পর্যন্ত দেওয়া হয়নি। মূলত নির্যাতনের সময় মূল আলামত পরনের কাপড় নষ্ট করা হয়। যারা এ কাজ করেছে তিনি সেসব অপরাধীর গ্রেফতার দাবি করেছেন। পাশাপাশি আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করে গ্রেফতার দাবি করে বলেন, আমার ছেলের হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।

গতকাল শনিবার নগরীর আখালিয়ার নেহারিপাড়াস্থ নিজেদের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  বৃহত্তর আখালিয়া (বারো হামছায়া) সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সালমা বেগম মূল আসামি আকবরকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে খাসিয়া সম্প্রদায়সহ সীমান্ত এলাকার লোকজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে রায়হান হত্যার পর থেকে আন্দোলন চালিয়ে যাওয়া বৃহত্তর আখালিয়া (বারো হামছায়া) সংগ্রাম পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের আহ্বায়ক সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। এতে বলা হয়, আমরা রায়হান হত্যার ন্যায়বিচার প্রত্যাশী। তদন্তে কোনো অবহেলা থাকলে সিলেটবাসী কাউকে ক্ষমা করবে না। রায়হান হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী রাজপথ ছাড়বে না। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী ব্যারিস্টার ফয়েজ আহমদ, সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস,  রায়হানের মামাতো ভাই শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।