ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশকে গণপিটুনি

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে জানা যায়, জালকুড়ি কড়ইতলা এলাকার আবুল হোসেন মন্টুর ছেলে বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি মামলার ওয়ারেন্ট ছিল। ঘটনার রাতে তিনি জালকুড়ির পশ্চিমপাড়া এলাকার আমিনুল ইসলামের বাড়িতে পালিয়েছিলেন। খবর পেয়ে সহকারী উপপরিদর্শক মো. নুরুজ্জামানসহ তিন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। আমিনুল ইসলামের বাড়ির সামনে গিয়ে দরজা খুলতে বলেন। বাড়ির মালিক আমিনুল ইসলাম দরজা না খুলে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে স্থানীয় মসজিদে ফোন করে জানান তার বাড়িতে ডাকাত পড়েছে। এই খবর মসজিদের মাইকে ঘোষণা করা হলে এজাহারনামীয় আসামিসহ আরো ৩০-৪০ জন স্থানীয় লোকজন জড়ো হয় সেখানে। পরে পুলিশ সদস্যদের পোশাক ধরে টানাহেঁচড়া ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় মো. ওয়াসিম (২৯), আমিনুল ইসলাম (৫৫), মো. সামসুজ্জামান (২৮) ও মারুফ খান (১৮) নামে চার জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।