থাইল্যান্ডে সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০০:২৪

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও রাজতন্ত্রের সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভে জড়ো হন। তবে সরকার ও রাজতন্ত্র সমর্থকরাও গতকাল পালটা বিক্ষোভ করেছেন। খবর রয়টার্সের

গত জুলাই থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ও রাজতন্ত্রের ক্ষমতা কমিয়ে আনতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারী সোমবাত বুনগামানং বলেন, প্রধানমন্ত্রী পদে প্রায়ুথ কেবল অযোগ্যই নন, তার বৈধতাও নেই। তার কারণেই থাইল্যান্ডে উন্নতি হয়নি। পুলিশ জানিয়েছে, ব্যাংককের ডেমোক্রেসি মনুমেন্টে আড়াই হাজারের বেশি গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী জড়ো হন। তারা সরকারকে নিয়ে বিদ্রুপাত্মক গান ও নাচ পরিবেশ করেন। এর কিছু দূরেই সরকার ও রাজতন্ত্রের পক্ষের বিক্ষোভকারীরা জড়ো হন। তারা হলুদ শার্ট এবং দেশের পতাকা নিয়ে সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ বা কোনো মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ। বিক্ষোভ করায় জরুরি অবস্থাও জারি করা হয়েছিল। কিন্তু জরুরি অবস্থা উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত থাকে। সরকার সমঝোতার আহ্বান জানালেও তারা প্রত্যাখ্যান করেছেন। অনেক বিক্ষোভকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

দেশটির রাজা মহাভাজিরালংকর্ণ আবারো ঐক্যের ডাক দিয়েছেন। তিনি তার সমর্থকদের কাছে এর গুরুত্ব তুলে ধরেছেন।