গাড়িতে আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে আওয়ামী লীগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সন্ত্রাস ও নাশকতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ এজেন্ট দিয়ে গাড়িতে আগুন দিয়ে আগের ধারাবাহিকতায় বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। গতকাল শনিবার রাজধানীতে বাসে আগুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং দুই উপনির্বাচন বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে বিএনপি যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের          সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম প্রাবন প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলে এখনো প্রতিটা নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে উপনির্বাচনে কেন্দ্র দখল করে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে জাতীয় ঐক্য তৈরি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু নির্বাচন না দিলে জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে উত্খাত হতে হবে।

সিইসিকে উদ্দেশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগে আপনারা তো ফল প্রকাশ করতে পারবেন। কারণ আপনাদের ফলাফল আগে থেকেই তৈরি করা থাকে।  বিএনপি মহাসচিব বলেন, ধীরে ধীরে এই নির্বাচন কমিশনের ওপরে জনগণের আস্থা শূন্যের কোটায় চলে এসেছে। তার প্রমাণ পাওয়া যায় ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতিতে।