২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৫৩১

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:৩০

দেশে করোনা ভাইরাসে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৫৩১ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। আর এক দিনে মৃত্যু হয়েছে আরো ১৪ জনের। এর মধ্যে পুরুষ ১০ জন, নারী চার জন। তাদের ১৩ জন হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা গেছেন। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

আর গত এক দিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৬২ জন রোগী সুস্থ               হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি ল্যাবে ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ১৭৩ জনের মধ্যে ৪ হাজার ৭৫১ জনই পুরুষ এবং ১ হাজার ৪২২ জন নারী।