আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে ঢাকা থেকে শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করবেন।
গতকাল শনিবার দুপুরে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যে সংযোগস্থল (জিরোপয়েন্টে) পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা বলেন। তিনি আরো বলেন, এই ট্রেন চলাচল বহু দিন আগেই শুরু হতো। কিন্তু দীর্ঘ সময়ে স্বাধীনতাবিরোধী ও ভারত বিদ্বেষীরা ক্ষমতায় থাকার কারণে তা চালু হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুল রহমান চৌধুরী, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম, ৫৬ বিজিবির অধিনায়ক মায়মুনুল রহমান, রেলের পশ্চিম জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন, সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন, বিভাগীয় রেল কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম প্রমুখ।
রেলওয়ে সূত্র মতে, ১৯৪৭ সালের ১৫ আগস্ট পাকিস্তান ও ভারত বিভক্তের পরও এ পথে রেল চলাচল চালু ছিল। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয় দুই দেশের মধ্যে রেল চলাচল। পরিত্যক্ত রেলপথটি চালুর উদ্যোগ নেয় শেখ হাসিনা ও মোদি সরকার। প্রকল্পটির মধ্যে রয়েছে চিলাহাটি রেল স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ ও ২ দশমিক ৩৬ কিলোমিটার লুপলাইন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো।
