রাজশাহী বিভাগের ৬ হাজার ৭৭০ পরিবার পাচ্ছে পাকা বাড়ি

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:৩৯

২০২১ সালের জানুয়ারিতে মুজিববর্ষের উপহার পাকা বাড়ি পাচ্ছে রাজশাহী বিভাগের ৬ হাজার ৭৭০টি পরিবার। প্রতিটি দুই কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। বিভাগীয় কমিশনারের অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য উপকারভোগী নির্বাচন এবং গৃহনির্মাণকাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে গত ১৯ অক্টোবর সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সভায় মুখ্য সচিব আগামী জানুয়ারিতে প্রথম পর্যায়ে ৫৯ হাজার ৮০৩ পরিবারকে বাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য ১৫ জানুয়ারির মধ্যে এসব ঘরের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন। ১ হাজার ২২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সারা দেশে ৫৯ হাজার ৮০৩টি বাড়ি নির্মাণ করা হবে।

সূত্র জানায়, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে ২০ হাজার ৩৭৩টি বাড়ি নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ কর্মসূচিকে। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৪৮ কোটি ৩৭ লাখ টাকা।