কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দুই বিজিবি সদস্য। ঘটনাস্থল থেকে কাঠের নৌকাসহ বড় ধরনের একটি ইয়াবার চালান জব্দ করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ১ নং স্লুইচ গেট সংলগ্ন এলাকায় মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল স্পিডবোটে অবস্থান নেন। কাঠের নৌকা নিয়ে তিন জন শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে জনি হোছাইন (২৬) ও মোতালেব হোসাইন (৪২) আহত হন। আত্মরক্ষার্থে বিজিবি পালটা গুলিবর্ষণ করলে ঐ নৌকা থেকে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। অপর দুই জন নৌকা থেকে নেমে পালিয়ে ঐ পারে চলে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ব্যক্তি ও আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গুলিবিদ্ধ মাদক কারবারি মারা যান। এই ব্যাপারে সরকারি কাজে বাধা, মাদকের চালান বহন এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আইনের পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
