রাজধানীর মিরপুরে সাবেক স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল আলী। শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল করিম জানান, তিন মাস আগে আব্দুল আলীর সঙ্গে তার স্ত্রী রহিমা বেগমের বিবাহবিচ্ছেদ ঘটে। গত ৯ নভেম্বর ভোর সাড়ে ৬টার দিকে রহিমা বেগম বিআইএইচএস হাসপাতাল থেকে ডিউটি শেষে বাসার উদ্দেশে রওয়ানা হন। তিনি মিরপুর মডেল থানার হাউজিং রিসার্চ ইনস্টিটিউটের সামনে পৌঁছলে সাবেক স্বামী আব্দুল আলী পূর্বপরিকল্পিতভাবে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ব্যাপারে মিরপুর মডেল থানায় মামলা হয়। মামলার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলী বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে ক্ষোভের বশবর্তী হয়ে অ্যাসিড নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছেন।
