বাবাকে নিয়ে সিনেমা বানাতে ছাগল চুরি দুই ভাইয়ের!

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১১:৩৫

বাবার নামে সিনেমা  বানাতে চেয়েছিলেন দুই ভাই।  কিন্তু টাকার অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যায় সেই সিনেমা ।    শেষপর্যন্ত  সিনেমা বানানোর টাকা জোগাড় করতে পশু চুরি করতে শুরু করেন দুই ভাই।  সম্প্রতি ছাগল চুরি করে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন  তারা।    শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।

 জানা গেছে,  ভারতের তামিলনাড়ুর   নিউ ওয়াশারমেনপেটের বাসিন্দা ভি নিরাঞ্জন কুমার (‌৩০) এবং তার ভাই লেনিন কুমার (‌৩০) নিজের বাবাকে নিয়ে একটি সিনেমা তৈরি করছিলেন। সিনেমাটির নাম ছিল  ‘‌নে থানা রাজা’। এতে মুখ্য ভূমিকায় অভিনয়ও করার কথা ছিল দু’‌জনের। কিন্তু মাঝে হঠাৎ করেই অর্থের অভাবে সিনেমার তৈরির কাজ বন্ধ হতে বসে। তখনই এই কুকর্মের কথা মাথায় আসে দু’‌জনের। এরপর থেকেই ছাগল থেকে শুরু করে একাধিক গবাদি পশু চুরি এবং বিক্রির কারবার। দিনে ৮–১০টি পশু চুরি করে প্রতিটি ৮০০ টাকায় বিক্রি করত দু’‌জনে। সিনেমা তৈরির জন্য চুরির সেই টাকায় ব্যবহার করত। কিন্তু সম্প্রতি দু’‌টি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় দুই ভাই।   

 পুলিশের পক্ষ থেকে বলা হয়, ছাগল চুরির জন্য গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায়  ঘুরে বেড়াতেন ঐ দুই ভাই। এরপর রাস্তায় কোনও গবাদি পশু বিশেষ করে ছাগল, ভেড়াকে চরে বেড়াতে দেখলেই গাড়ি থামিয়ে সেটিকে চুরি করত দুই ভাই। তারপর নিয়ে গিয়ে বিক্রি করতেন।

 সম্প্রতি তামিলনাড়ুর মাধাভরমের একটি ব্যক্তির থেকে একটি ছাগল চুরি করে তারা। যেহেতু ওই ব্যক্তির ছ’‌টি থেকে একটি ছাগল চুরি গিয়েছিল, তাতেই তার সন্দেহ বাড়ে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ আরও ঘটনার কথা জানতে পারে। এরপরই রাস্তা থেকে দু’‌টি ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ঐ দুই ভাই ।‌

ইত্তেফাক/এআর