ইরানের তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা দিতে প্রস্তুত সামরিক বাহিনী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৫৮

যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে তেলবাহী ট্যাঙ্কারকে রক্ষা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি ইরানের এক সামরিক কর্মকর্তা বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী তেলবাহী ট্যাঙ্কারকে যে কোনো হুমকি থেকে রক্ষা করবে। বন্দরে নোঙর না করে সমুদ্রে জাহাজ ‘ভাসমান’ অবস্থায় থাকবে— যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের পর এ মন্তব্য করলো ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক প্রতিবেদনসূত্রে জানা যায়, দেশটির নিয়মিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার-এডমিরাল মাহমুদ মুসাভি বলেছেন, তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবিলা করতে আমাদের বহর প্রস্তুত। বিষয়টি আমরা এমনভাবে সাজিয়েছি যেন আমরা সমুদ্রপথও ব্যবহার করতে পারি।

যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের প্রতিক্রিয়ার জবাবে ইরান এ মন্তব্য করেছে বলে মনে করা হচ্ছে। হুক বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাহাজগুলো আন্তর্জাতিক বীমার সুযোগ থেকে বঞ্চিত হবে। ফলে বন্দরগুলোতে তাদের জাহাজ নোঙর করা হবে ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, সুয়েজ খাল থেকে মালাক্কা পর্যন্ত সব চেক পয়েন্টে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলো ভাসমান অবস্থায় থাকতে পারে। এ মন্তব্যকে দেশটির তেলবাহী ট্যাঙ্কার ও তেল পরিবহনের জন্য হুমকি মনে করছে ইরান। এ বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার-এডমিরাল মাহমুদ মুসাভি বলেছেন, আন্তর্জাতিক জলপথে পরিবহনে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

ইরানের বন্দর ও মেরিটাইম সংস্থার প্রধান মোহাম্মদ রাস্তাদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেছেন, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সামুদ্রিক পরিবহন সম্পর্কিত বিধিনিষেধ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হবে।