ফিলিপাইনে বছরের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১২:৫০

ফিলিপাইনে টাইফুন ভামকোর তাণ্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। সংস্থাটির মুখপাত্র মার্ক টিম্বালের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্ক টিম্বাল বলেন, ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে ২২ জন মারা গেছেন কাগায়ান অঞ্চলে, ১৭ জন দক্ষিণাঞ্চলীয় লুজন প্রদেশে, আটজন ম্যানিলায় এবং ২০ জন অন্য অঞ্চলগুলোতে। এসময় অন্তত ২১ জন আহত হয়েছেন।

ফিলিপাইন ন্যাশনাল পুলিশ (পিএনপি) জানায়, বুধবার ও বৃহস্পতিবার দেশটির প্রধান দ্বীপ লুজনে টাইফুনের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো বেশ কয়েকজনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান চলছে, এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান ও ইসাবেলা প্রদেশে উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে। রাবার বোট ব্যবহার করে ডুবে যাওয়া ঘরবাড়ি এবং ছাদে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে।

ফিলিপাইন কোস্ট গার্ডের দেয়া ফুটেজে দেখা যায়, লুজনের প্রধান নদীর পাথরের বাঁধ উপচে পড়া বন্যার পানিতে প্রদেশটি তলিয়ে গেছে।

কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মামবা গত  শনিবার বলেছেন, শুক্রবার রাতে বিদ্যুৎ স্পৃষ্টে এক উদ্ধার কর্মীর মৃত্যু হয়েছে।

মামবা বন্যার অভিজ্ঞতা বর্ণনা করে আরো বলেন, অনেক প্লাবিত এলাকা স্থলপথে পর্যবেক্ষণ সম্ভব নয়, এ জন্য তিনি হেলিকপ্টারের সহায়তার আবেদন জানিয়েছেন।

ইত্তেফাক/টিআর